হেপাটাইটিস
বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৬: হেপাটাইটিস বি ও সি প্রতিরোধের উপায়
টিকার মাধ্যমে হেপাটাইটিস বি প্রতিরোধ করা যায়, আর হেপাটাইটিস সি পুরোপুরি নিরাময়যোগ্য। রংপুর মেডিকেল কলেজে বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৬-এর অনুষ্ঠানে ডা. জিয়ার বার্তা।
· পড়তে ২ মিনিট

২৮ জুলাই ২০২৬ ছিল বিশ্ব হেপাটাইটিস দিবস। রংপুর মেডিকেল কলেজে হেপাটোলজি বিভাগের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের সম্মানিত উপাধ্যক্ষ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক, চিকিৎসক ও শিক্ষকবৃন্দ।
এবারের প্রতিপাদ্য: “হেপাটাইটিস: আসুন বাধাগুলো ভেঙে ফেলি”
এই প্রতিপাদ্যের মূল বার্তা হলো, হেপাটাইটিস প্রতিরোধ, শনাক্তকরণ ও চিকিৎসার ক্ষেত্রে বিদ্যমান সব বাধা দূর করতে হবে।
গোটা বিশ্বে প্রতিবছর প্রায় ১৩ লাখ মানুষ হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত হয়ে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারে মৃত্যুবরণ করেন।
হেপাটাইটিস বি: পরীক্ষা করান, টিকা নিন
হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধে রয়েছে একটি নিরাপদ ও কার্যকর টিকা। এই টিকার মাধ্যমে হেপাটাইটিস বি সহজেই প্রতিরোধযোগ্য। তাই সবাইকে হেপাটাইটিসের পরীক্ষা করাতে হবে ও টিকা নিতে হবে।
এ ছাড়া যেসব উপায়ে হেপাটাইটিস বি নির্মূল সম্ভব:
- নিরাপদ রক্ত সঞ্চালন।
- অনিরাপদ যৌন সম্পর্ক থেকে বিরত থাকা।
- গর্ভবতী প্রতিটি মায়ের হেপাটাইটিসের স্ক্রিনিং করা।
- আক্রান্ত মায়ের নবজাতককে জন্মের ২৪ ঘণ্টার মধ্যে হেপাটাইটিস বি-এর টিকা দেওয়া।
হেপাটাইটিস সি নিরাময়যোগ্য
হেপাটাইটিস সি-এর চিকিৎসায় বর্তমানে যে আধুনিক ওষুধ আছে, তাতে হেপাটাইটিস সি পুরোপুরি নিরাময়যোগ্য।
হেপাটাইটিস এ ও ই: নিরাপদ পানি ও খাবার
অন্যদিকে নিরাপদ ও ফুটানো পানি পান এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের মাধ্যমে হেপাটাইটিস ই ও হেপাটাইটিস এ প্রতিরোধযোগ্য।


ডাক্তার দেখাতে চান? চেম্বারে ফোন করে সিরিয়াল নিন।
চেম্বারগুলো দেখুন
